টেস্ট ব্যাটিংয়ে বাজবল স্টাইলের পরিবর্তন আনতে চায় বাংলাদেশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

টেস্টে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ চক্রে অনেক সুযোগই পেয়েছিলেন জাকির হাসান। অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে চমক জাগালেও ক্যারিয়ারের পরের দিকে আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই বামহাতি ব্যাটসম্যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পাকিস্তানের বিপক্ষে প্রথম হোম সিরিজ বাংলাদেশের। ঘরের মাঠ থেকেই পরিবর্তনের সূচনা করতে চান সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচক হাবিবুল বাশার। চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপে হাবিবুল জানিয়েছেন, বাংলাদেশের ব্যাটিং শক্তিটা বাড়াতে চান এবার, সেজন্যে ব্যাটিং দর্শণেও আনতে চান পরিবর্তন।

‘আমি এর আগে বলেছি যে আমাদের বোলিং দিকটা ঠিক আছে। বোলাররা এখন ২০টা উইকেট নেওয়ার মতো সামর্থ্য আছে। যেটা আগে এতটা ছিল না। আগেও ভালো বলার ছিল। কিন্তু এখন মনে হয় আমরা নিয়মিত হয় ২০টা উইকেট নিতে পারি। আমার মনে হয় এখন ব্যাটিং নিয়ে কথা বলার সময়। সেখানে যদি আমরা একটু ধারাবাহিক হতে পারি আমার তাহলে মনে হয় এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভালো করবে। আমরা হয়তো একটু ভিন্ন রকমের ক্রিকেট খেলতে পারি। ঠিক বাজবলের কথা বলছি না, বলব না। তবে আমরা আমাদের খেলার ধরনটা একটু পরিবর্তন করতে পারি। সেটা আপনারা হয়তো দেখতে পারবেন'-চট্টগ্রামে সাংবাদিকদের জানিয়েছেন হাবিবুল। 

এই পরিবর্তনের সূচনা তানজিদ তামিককে টেস্ট দলে নেয়ার মাধ্যমে, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি করা এই বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যানকে কেন টেস্ট দলে ডেকেছেন সেই ব্যখ্যা দিলেন প্রধান নির্বাচক, ‘আমরা যখন কোনো খেলোয়াড়কে নিয়েছি, তার খেলার ধরনটা দেখেই নিয়েছি। যাকে দলে নিতে চাচ্ছি, আমাদের চাওয়া সে ওই ধরনের ক্রিকেটই খেলুক। সে দলেও আসুক ওই ধরনের খেলাটা দিয়েই। খেলার ধরণ কেমন হবে সেটা পরে সিদ্ধান্ত নিব। কিন্তু আমাদের পরিকল্পনা হলো, যদি দরকার হয় আমরা এ রকম (আক্রমণাত্মক) ক্রিকেট খেলতে পারি। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইলেই হবে না। সে রকম খেলোয়াড় থাকতে হবে। অন্য দলগুলো এমন ক্রিকেট খেলে, কারণ তাদের তেমন খেলোয়াড় আছে। আমাদের তেমনভাবে খেলার মতো যথেষ্ট খেলোয়াড় থাকলে আমরা ঐ ধরণের ক্রিকেট খেলতেই পারি। এটা (তামিমকে দলে নেওয়া) আমাদের পরিকল্পনার একটা অংশ। দেখা যাক ভবিষ্যতে আমরা কী করতে পারি।’

তানজিদ তামিমকে টেস্টে তার স্বাভাবিক ব্যাটিংটা করতেই দেখতে চান হাবিবুল, ‘আমি বলছি না যে যেভাবে একজন খেলোয়াড় খেলে, তাকে ঠিক সেভাবেই খেলতে বাধ্য করা হবে। আমাদের দুই ওপেনারেরই নিজস্ব স্টাইল আছে। আমি চাই না তারা তাদের স্বাভাবিক খেলার ধরন থেকে বেরিয়ে গিয়ে খেলুক। কারণ এতে সাফল্যের সম্ভাবনা কমে যায়। তারা এখন ফর্মে আছে, আর ম্যানেজমেন্টও তাদেরকেই পছন্দ করছে।'

সাবেক এই অধিনায়ক মনে করেন, প্রচলিত পন্থায় যেহেতু সাফল্য আসছে না তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতেই পারে, ‘এই সিরিজটা আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা খুব ভালো করেছি—এটা গর্ব করে বলার মতো অবস্থায় নেই। আমাদের লক্ষ্য হলো এই চক্রে যেন ভালো পারফর্ম করতে পারি এবং আগের চেয়ে নিজেদের আরও উপরে নিয়ে যেতে পারি। সেই জায়গা থেকে হয়তো আমরা ভিন্ন ধরণের ক্রিকেট খেলতে চাইছি, একটু বেশি আক্রমণাত্মক মানসিকতার দিকে যেতে পারি। আপনারা দেখেছেন, নতুন ওপেনার নেওয়া হয়েছে—এটাও সেই পরিকল্পনারই অংশ,’ জানিয়েছেন প্রধান নির্বাচক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত