আরাঘচির পরবর্তী গন্তব্য কি আবারও পাকিস্তান?

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম

আঞ্চলিক প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে তেহরান ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সফরকৃত দেশগুলোর নেতাদের সঙ্গে হওয়া আলোচনার নির্যাস ও গুরুত্বপূর্ণ বার্তাগুলো দেশটির নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়াই এখন তার মূল লক্ষ্য।

সম্প্রতি আরাঘচি পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফর করেছেন। উল্লেখ্য, এই প্রতিটি দেশের সঙ্গেই ইরানের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। বিশেষ করে ওমান ঐতিহাসিকভাবেই ইরানের বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরাঘচির পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গুঞ্জন রয়েছে যে তিনি আবারও ইসলামাবাদ সফরে যেতে পারেন। তবে বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে পুরো বিষয়টি এখনো অনিশ্চয়তার চাদরে ঢাকা। নিশ্চিতভাবে কেউই বলতে পারছে না তার পরবর্তী সফরসূচি কী হতে যাচ্ছে।

এতসব অনিশ্চয়তার মধ্যেও তেহরান বিশ্ববাসীকে এই বার্তাই দিচ্ছে যে, তারা কূটনীতির পথে হাঁটতে আগ্রহী। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা আলোচনার কোনো পথ বা মাধ্যম বন্ধ করেনি এবং যেকোনো সংকটের শান্তিপূর্ণ সমাধানে কূটনীতির দরজা সব সময় খোলা রাখা হয়েছে।

তবে এই মুহূর্তে আলোচনার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ‘পারস্পরিক আস্থার অভাব’। ইরানি কর্তৃপক্ষের মতে, চলমান যুদ্ধ বন্ধ হলে তারা অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো নিয়ে অগ্রসর হতে পারবে। এর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাবের মতো সংবেদনশীল ইস্যুগুলো।

ইরান মনে করছে, হরমুজ প্রণালীসহ অঞ্চলের বড় সংকটগুলো সমাধানের জন্য আগে যুদ্ধের একটি স্থায়ী নিষ্পত্তি প্রয়োজন। যুদ্ধের অবসান ঘটলেই কেবল দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কৌশলগত ফাইলগুলো নিয়ে অর্থবহ আলোচনা সম্ভব হবে।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত