পৃথিবীর অন্যতম প্রাচীন শিল্পমাধ্যম হলো নাচ। শরীর, ছন্দ, আত্মা, মন, সংগীত- এসব নিয়ে নান্দনিক ছন্দিত শরীরী প্রতিমাই হলো নৃত্য। কিংবদন্তি নৃত্যশিল্পী মার্থা গ্রাহাম বলেছেন, নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা। পণ্ডিত বিরজু মহারাজ বলেছেন, নৃত্য হলো প্রকৃতি। হৃৎপিণ্ডের ধুকপুক শুনলেই বোঝা যায়, সে তার নিজস্ব ছন্দে নাচছে। শাস্ত্রীয় নৃত্য ও সংগীত মিলে মন ও আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করে।
নৃত্য খুব সহজেই সবার কাছে পৌঁছায় ও গ্রহণযোগ্যতা পায়। নৃত্যের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয়, মানুষে মানুষে বিনিময় ঘটে, কথা হয়। নৃত্য এমনই একটা মাধ্যম, যা আমাদের আশা-আকাঙ্ক্ষাকে একটা আকৃতি দেয়, যা প্রত্যেকের ব্যক্তিক-অভিব্যক্তির জন্যও প্রয়োজনীয়। দুঃসময়ে-দুর্দিনে নৃত্য ও অন্যান্য উপস্থাপন-কলা মানুষের মধ্যে আনন্দ বিতরণ করে, যা আমাদের সত্তার ও সময়ের পরিচয় ঘটায়।
আজ ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। এবারও বিশ্বের বিভিন্ন দেশে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপিত হবে। এরইমধ্যে সব রকম প্রস্তুতি শেষ হয়েছে। দিবসটি উদযাপন করা হয় ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জস নুভেরের জন্মদিনে। এই মহান শিল্পীকে চিরস্মরণীয় করে রাখার জন্য ১৯৮২ সালে ইউনেস্কো ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে নির্ধারণ করে।
বাংলাদেশে দিবসটি পালিত হয়ে আসছে ১৯৯৫ সাল থেকে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঙ্গলবার ( ২৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আজ বুধবার বিকেল ৫ টায় জাতীয় নাট্যশালা ভবনের সম্মুখ থেকে ঢাক-ঢোল বাদক ও দেশের প্রবীণ ও নবীন নৃত্যশিল্পীবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনের শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ সমবেত নৃত্য ‘সবুজ মাঠ সোনার ধান’ পরিবেশন করবেন, নৃত্য পরিচালনা করেছেন রূহী আফসানা দীপ্তি।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে নৃত্যছন্দ নৃত্যদল, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, স্বাত্তিক শিল্পাশ্রম, আকৃতি নৃত্যদল, সাধনা, ছান্দসিক, রেওয়াজ পারফরমার্স স্কুল, নান্দনিক নৃত্য সংগঠন, নাইম খান ডান্স কোম্পানী, নৃত্যকল্প, নৃত্যযতন, কালারস অফ হিল, ঝংকার ললিতকলা একাডেমি, নৃত্যলহরী, জিনিয়া নৃত্যকলা একাডেমি, দেব ডান্স একাডেমি, ভঙ্গিমা ডান্স থিয়েটার সহ আরো অনেকে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। আজ নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২২টি দল। দলগুলো বিভিন্ন ঘরানার নৃত্য পরিবেশন করবে।
এছাড়া বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের স্বনামধন্য প্রায় ত্রিশটি নৃত্য দল অংশ নেবে। আজ বিকাল ৫টায় শুরু হতে যাওয়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। অতিথি হিসেবে থাকবেন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন তামান্না রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশের বরেণ্য সংস্কৃতিজনরা। উৎসবের সভাপতিত্ব করবেন নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের সহসভাপতি, নৃত্যশিল্পী ও গবেষক লুবনা মারিয়াম।
শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস সড়কমন্ত্রীর
সংসদে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব | ২৯ এপ্রিল ২০২৬
বৃষ্টির বাধায় চট্টগ্রামে শুরু হয়নি টি-টোয়েন্টি
টানা বৃষ্টিতে জলমগ্ন বাগেরহাট শহর, দুর্ভোগে হাজারো মানুষ
সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
অটোরিকশা হঠানো নিকুঞ্জের ঐক্যবদ্ধ শক্তির সামনে এবার বড় চ্যালেঞ্জ ‘মাদক’
ঝিনাইদহে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত