গ্রিজম্যানের 'বিদায়ী' ম্যাচে পেনাল্টি নিয়ে রেফারিকে ঝাড়লেন আর্তেতা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালের মধ্যকার লড়াইটি ১-১ সমতায় শেষ হলেও মাঠের উত্তেজনা গড়িয়েছে মাঠের বাইরে। বিতর্কিত এক পেনাল্টি বাতিলের সিদ্ধান্তকে আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা  অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছেন।

মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন স্কোরলাইন ১-১, তখন আর্সেনালের বদলি খেলোয়াড় এবারিচি এজে বক্সে ফাউলের শিকার হলে রেফারি ড্যানি ম্যাকিলে পেনাল্টির বাঁশি বাজান। তবে ভিএআর মনিটরে দীর্ঘক্ষণ পরীক্ষা করার পর রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

ম্যাচ শেষে ক্ষুব্ধ আর্তেতা বলেন, 'পুরো ঘটনাটি পরিষ্কার ছিল। সেখানে নিশ্চিত কন্টাক্ট (ধাক্কা) হয়েছে। এই পর্যায়ের ফুটবলে এমন সিদ্ধান্ত পুরোপুরি অগ্রহণযোগ্য।"

আর্তেতা আরও জানান, রেফারি ম্যাকিলে সিদ্ধান্ত বদলানোর আগে ঘটনাটি ১৩ বার রিপ্লে দেখেছেন। নিয়ম অনুযায়ী, 'পরিষ্কার এবং সুস্পষ্ট ভুল' না থাকলে সিদ্ধান্ত পরিবর্তন করার কথা নয়। আর্তেতার প্রশ্ন, ১৩ বার দেখার পরও যদি সিদ্ধান্ত বদলাতে হয়, তবে তা 'স্পষ্ট ভুল' ছিল কীভাবে?

পেনাল্টি-পেনাল্টি কাটাকুটি 

এই পেনাল্টি না দিলেও দু দলের গোল হয়েছে পেনাল্টি থেকেই। প্রথম গোলটি আসে আর্সেনালের পক্ষ থেকে। আতলপতিকোর ডি-বক্সের ভেতর ফাউলের কারণে রেফারি আর্সেনালকে পেনাল্টি উপহার দেন। পেনাল্টি কিকটি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সুইডিশ তারকা ভিক্টর গিওকরেস।

​আর্সেনাল এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সমতায় ফেরে স্বাগতিক আতলেতিকো মাদ্রিদ। আর্সেনালের রক্ষণভাগের ভুলে বক্সে ফাউল হলে রেফারি এবার আতলপতিকোর পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। সেই পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ।

গ্রিজম্যানের আবেগঘন রাত

অন্যদিকে, এই ম্যাচটি ছিল আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে আন্তোনিও গ্রিজম্যানের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। ৩৫ বছর বয়সী এই ফরাসি তারকা এই গ্রীষ্মেই এমএলএস ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দিতে যাচ্ছেন।

ম্যাচ শেষে গ্রিজম্যান বলেন, "গোল করতে না পারাটা দুঃখজনক, তবে লন্ডনে দ্বিতীয় লেগের ম্যাচে অবশ্যই গোল পাব। আমাদের স্বপ্ন ফাইনালে ওঠা। অ্যাটলেটিকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা আমার বড় স্বপ্ন।"

অ্যাটলেটিকোর হয়ে ১০ মৌসুম কাটানো গ্রিজম্যান ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তার সতীর্থ কোকে আশা প্রকাশ করেন যে, গ্রিজম্যানের জন্য লন্ডনের ম্যাচটিই যেন এই আসরের শেষ ম্যাচ না হয়, বরং তিনি যেন ট্রফি নিয়ে বিদায় নিতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত