চট্টগ্রামের সব খালের বাঁধ ৫ দিনের মধ্যে খুলে দেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম

সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে এবং পানিবদ্ধতা দূর করতে আগামী ৫ দিনের মধ্যে নগরীর সব খালের বাঁধ খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের এই সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গতকাল বুধবার তিনি নিজে চট্টগ্রামের জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করেছেন। বিশেষ করে প্রবর্তক মোড়সহ যেসব স্থানে পানি জমে ছিল, সেখানে সিডিএ ও সিটি কর্পোরেশনের কাজের সমন্বয়হীনতা খতিয়ে দেখা হয়েছে। তিনি বলেন, "চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ৩৬টি খালের সংস্কার কাজ করছে। অনেক স্থানে রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল, যা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে। আমরা নির্দেশ দিয়েছি ১৫ মে-র লক্ষ্যমাত্রা সামনে রেখে আগামী ৫ দিনের মধ্যেই সব খালের বাঁধ অপসারণ করতে হবে।"

মীর শাহে আলম আরও বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন এবং এটি নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, যত্রতত্র পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলায় ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে কাজের সমন্বয় বাড়াতে কারিগরি কমিটি গঠনের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন ও দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত