ব্রাজিলিয়ান ফুটবলের বিস্ময় বালক এনদ্রিক এখন মাঠ মাতিচ্ছেন ফরাসি ক্লাব লিওঁতে। ২০২৬ বিশ্বকাপ দলে ডাক পাওয়ার অপেক্ষায় থাকা এই ১৯ বছর বয়সী তারকা সম্প্রতি ব্যক্তিগত জীবনে এক দারুণ খবর দিয়েছেন—বাবা হতে চলেছেন তিনি। তবে অবাক করার মতো বিষয় হলো, নিজের অঢেল খ্যাতি আর সাফল্য সত্ত্বেও নিজের সন্তানকে ফুটবলের কঠিন জগতে আনতে চান না এই স্ট্রাইকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে এনদ্রিক ফুটবল জগতের রূঢ় বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, 'ফুটবল খুব একটা আনন্দদায়ক জায়গা নয়। এখানকার পরিবেশ অত্যন্ত কঠিন। আমি চাই আমার সন্তান একজন ভালো মানুষ হিসেবে বড় হোক। সে যেন আমাকে মাঠের বাইরের একজন সাধারণ মানুষ হিসেবে দেখে, ফুটবলার এনদ্রিক হিসেবে নয়। '
সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি আরও বলেন, 'আমি চাই সে বড় হয়ে আইনজীবী বা ডাক্তার হোক অথবা অন্য কিছু করুক। সে যেন তার নিজের জগতেই সুখী থাকে।'
রিয়াল মাদ্রিদ ছেড়ে লিয়ঁতে সুখের সন্ধান
রিয়াল মাদ্রিদে কঠিন সময় পার করার পর লিওঁতে যোগ দিয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন এনড্রিক। তার বাবাও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, মাদ্রিদে এনদ্রিকের 'খেলার মাঠ' কেড়ে নেওয়া হয়েছিল। তবে ফ্রান্সে এসে ১৮ ম্যাচে ৭ গোল এবং ৬ অ্যাসিস্ট করে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তাকে আগামীর মহাতারকা ভাবা হয়।
সামনের ১৮ মে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করবেন। ইনজুরির কারণে এস্তেভাও ছিটকে যাওয়ায় এনদ্রিকের দলে থাকা প্রায় নিশ্চিত। তার মূল লক্ষ্য এখন সেলেসাওদের হয়ে বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করা।
তিনি বলেন, 'আমার প্রথম লক্ষ্য বিশ্বকাপে খেলা। লিয়ঁতে ভালো খেলে নিজের জায়গা পাকাপোক্ত করতে চাই। দেশের হয়ে অবদান রাখা আমার স্বপ্ন।'
২০২৪ সালে ইনফ্লুয়েন্সার গ্যাব্রিয়েলি মিরান্ডার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এনদ্রিক এখন জীবনের দুই নতুন অধ্যায়ের অপেক্ষায়—একদিকে প্রথমবার বাবা হওয়া, অন্যদিকে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ।