লিটনের আস্থার প্রতিদান শামীমের ও নামহীন সেই ‘নো লুক শট’

আপডেট : ০১ মে ২০২৬, ০৪:২৩ পিএম

ক্রিকেট মাঠে পারফরম্যান্সের চেয়েও অনেক সময় বড় হয়ে ওঠে ড্রেসিংরুমের বন্ডিং আর অধিনায়কের ভরসা। শামীম হোসেন পাটোয়ারি ও লিটন দাসের সম্পর্কটা ঠিক তেমনই—কখনও কড়া সমালোচনা, আবার কখনও প্রিয় শিষ্যের জন্য নির্বাচকদের ওপর প্রকাশ্যে ক্ষোভ ঝাড়া। সেই আস্থার প্রতিদান শামীম দিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংসে।

গল্পটা শুরু হয়েছিল গত ২৬ নভেম্বর। আয়ারল্যান্ড সিরিজের দল থেকে যখন হঠাৎ শামীমকে বাদ দেওয়া হয়, তখন অধিনায়ক লিটন দাস সংবাদ সম্মেলনে নির্বাচকদের বিরুদ্ধে প্রায় বিদ্রোহই করে বসেছিলেন। লিটন বলেছিলেন, 'শামীম দলে থাকলে অবশ্যই ভালো হতো। তবে এটা আমার কল না। এটা পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, তবে নির্বাচকরা আমাকে জানিয়েছেন শামীমকে বাদ দিয়ে দিয়েছেন দল থেকে, কোনো নোটিশ ছাড়াই। শামীমকে বাদ দেওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। ও টিমে থাকলে ভালো হতো।”*

নির্বাচকদের সেই 'অযৌক্তিক' সিদ্ধান্তের পর দীর্ঘ বিরতি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন শামীম। চট্টগ্রামের প্রথম ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রেখে শামীম এখন ভাসছেন প্রশংসার জোয়ারে। তবে তিনি নিজে কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ককে। শামীমের ভাষ্য, 'প্রথমে লিটন ভাইকে অনেক অনেক থ্যাংকস দিব। একজন ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছেন, আমাকে ফিরিয়েছে। আমি ভালো খেলতে পেরেছি। ক্যাপ্টেনেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে।'

মিরপুরে অনুশীলনে লিটন-শামীম

ব্যাট হাতে শামীমকে লিটন কতটা স্বাধীনতা দেন, তাও পরিষ্কার করলেন এই যুবা— 'আমাকে লিটন ভাই সবসময় ফ্রি খেলার জন্য বলে। আমি যখনই ব্যাটিংয়ে যাই, ইতিবাচক চিন্তা নিয়ে যাই যে (গিয়েই) মারা শুরু করব। আমি যদি একটু চালু (আক্রমণাত্মক) খেলতে পারি আমার দলের জন্য অনেক ভালো।'

সেই অদ্ভুত শট ও প্রথম বল থেকেই আক্রমণ

চট্টগ্রামে কিউইদের বিপক্ষে শামীমের সেই ‘নো লুক শট’ এখন টক অব দ্য টাউন। উইকেটের পেছন দিয়ে মারা সেই ছক্কা নিয়ে শামীম হাসিমুখে বলেন, 'সত্যি কথা বলতে শটটার নাম আমি জানি না। এটা আমি সবসময় নেটে প্র্যাকটিস করি। কারণ যখন ব্যাটিংয়ে নামি, ইমপ্রোভাইজ শট খেলতে খুব পছন্দ করি।'

ব্যাট-হাতের পাশাপাশি শামীম বল হাতেও অবদান রাখতে চান। লিটন তাকে বোলিং করার কথা বললেও বাধা হয়ে দাঁড়ান বড় কোচ সালাউদ্দিন স্যার! মজার ছলে শামীম বলেন, 'ক্যাপ্টেন তো সবসময় বলে বোলিং করতে। শুধু মাঝে মাঝে সালাউদ্দিন স্যার বোলিং দেয় না (হাসি)। আমাকে সবসময় ক্যাপ্টেন বলে বোলিং করার জন্য।'

২০২৫ সালে বাংলাদেশ ৩০টি টি-টোয়েন্টির ১৫টিতে জিতেছিল। লিটনের নেতৃত্বে দল বেশ ছন্দে থাকলেও রাজনৈতিক বা প্রশাসনিক কারণে বিশ্বকাপে যেতে পারেনি বাংলাদেশ। সেই আফসোস নিয়ে শামীম বলেন:

'টিমের ভালো বন্ডিং হয়েছে। আনফরচুনেটলি বিশ্বকাপ মিস করে ফেলেছি। ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। তবে ওটা চলে গেছে। ওটা নিয়ে আর ভাবার কিছু নেই। ইনটেন্ট ধরে রাখতে পেরেছি, পরের ম্যাচেও সেটা ধরে রাখতে চাই।'

বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে আমূল পরিবর্তনের কারিগর হিসেবে শামীম ক্রেডিট দিলেন কঠোর পরিশ্রমকে। তার মতে, 'সর্বশেষ যতগুলো ক্যাম্প করেছি, অনেক ফিল্ডিং করতে হয়েছে। ফিল্ডিং কোচ অনেক টাইম নিয়ে প্র্যাকটিস করাচ্ছে। সব কিছুই পজিটিভ হচ্ছে।'

মিরপুরে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত