কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়ে মোহাম্মদ ইমন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাতে ইমনের বাড়ী সংলগ্ন এলাকায় ওই ঘটনাটি ঘটে। কিশোর ইমনের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন প্রায় প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত অনুমান দশটায় বাড়ির পাশে একটি কালভার্টের উপর বসে মোবাইল চালাচ্ছিলো। এ সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তবে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে নিজের মোবাইল চালানোতেই ব্যস্ত থাকে সে। একপর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বায়েজিদ জানান, বৃহস্পতিবার রাত দুইটায় ইমন নামে সাপে কাটা এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। তার দেহকে বিষমুক্ত করতে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেয়া হয়। এরপরও তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি পরে সেখানে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সাপের কামড়ে কিশোরের মৃত্যুর বিষয়ে কেউ অবহিত করেনি। সংশ্লিষ্টরা চাইলে এ ব্যাপারে আইনগত সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।