‘হৃদয়ে বাংলার মুখ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দায়িত্বশীলদের দৈনিক হিসেবে পরিচিত ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শনিবার (২ মে) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু ও জেলা যুবদলের সভাপতি খুসরুজ্জামান (জিএস) শরীফ।
এছাড়াও বিভিন্ন ইউনিটের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীলদের জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকাটি অল্প সময়ের মধ্যেই দেশের প্রথম সারির অন্যতম অবস্থানে পৌঁছেছে। বৈষম্যহীন সমাজ গঠনে গঠনমূলক সমালোচনা করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা এবং সরকারের কাজে কোথাও অনিয়ম ও দুর্নীতি দেখলে সচেতনভাবে তা সংশোধনে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বক্তারা ‘দেশ রূপান্তর’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
