বাউফলে বাস উল্টে খাদে, নিহত ১

আপডেট : ০৪ মে ২০২৬, ০১:৩৬ এএম

পটুয়াখালীর বাউফলে বাউফল ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রাত পৌনে ১২টার দিকে উপজেলার আফসের গ্যারেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দশমিনা বাসস্ট্যান্ড থেকে রাত ১০টায় ‘বাউফল ট্রাভেলস’-এর একটি বাস প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাউফল উপজেলা সদর ইউনিয়নের আফসের গ্যারেজ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয়রা ও বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তি বাসটির সুপারভাইজার বলে জানা গেছে। তিনি বাউফল উপজেলার বামনকাঠি গ্রামের বাসিন্দা ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

দশমিনা থানার এক যাত্রী মাহাবুব বলেন, ‘বাসটি খুবই দুলছিল। মাত্র ৫ সেকেন্ডের মধ্যে উল্টে খাদে পড়ে যায়।’ তিনি আরও জানান, একজন নিহত হয়েছেন এবং বাসের নিচে আরও অন্তত ৪-৫ জন চাপা পড়ে থাকতে পারেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। বাসটি টেনে তোলা হলে বিস্তারিত জানা যাবে। বাসের নিচে আরও কেউ চাপা পড়ে থাকতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত