আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেটে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। কদিন আগেই নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের সাথে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করার র্যাঙ্কিংয়ের নতুন সমীকরণ টাইগারদের এই অবস্থানে পৌঁছে দিয়েছে।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ রেটিং এবং আগের দুই বছরের ম্যাচের ৫০ শতাংশ রেটিং বিবেচনা করা হয়েছে। এই আপডেটে শ্রীলঙ্কা তাদের আগের অবস্থান থেকে ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে, যার ফলে তারা নবম স্থানে নেমে গেছে। অন্যদিকে, বাংলাদেশ ১ রেটিং পয়েন্ট অর্জন করে মোট ২২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে।
মাত্র ১ পয়েন্টের ব্যবধানে লঙ্কানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আফগানিস্তান (২২০ পয়েন্ট), যারা রয়েছে দশম স্থানে।
এদিকে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্য অব্যাহত রয়েছে। ২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা দুইবারের চ্যাম্পিয়নরা ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত বর্তমানে বিশ্বের এক নম্বর দল।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫ দল:
১. ভারত (২৭৫ পয়েন্ট)
২. ইংল্যান্ড (২৬২ পয়েন্ট)
৩. অস্ট্রেলিয়া (২৫৮ পয়েন্ট)
৪. নিউজিল্যান্ড (২৪৭ পয়েন্ট)
৫. দক্ষিণ আফ্রিকা (২৪৪ পয়েন্ট)
র্যাঙ্কিংয়ের নিচের দিকে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। ৬ পয়েন্ট অর্জন করে তারা দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে, পেছনে ফেলেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হওয়া ইতালি নেপালকে হারিয়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে। ১১ পয়েন্ট অর্জন করে তারা ২৬ থেকে ২৩তম স্থানে উঠে এসেছে।
বর্তমানে র্যাঙ্কিংয়ে মোট ৯৮টি দল স্থান পেয়েছে। প্রয়োজনীয় সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ (গত তিন বছরে অন্তত ৮টি) না খেলায় ফিজির মতো কিছু দেশ তালিকা থেকে বাদ পড়েছে।
বাংলাদেশ থেকে 'অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা' নিয়ে যাচ্ছেন কাবরেরা