আদালত অবমাননার অভিযোগ

বগুড়ার ডিসি-এডিসি ও এসিল্যান্ডকে শোকজ

আপডেট : ০৫ মে ২০২৬, ০৫:২১ পিএম

আদালত অবমাননার অভিযোগে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন বগুড়ার যুগ্ম জেলা জজ আদালত-২-এর বিচারক শামিমা খাতুন। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জজকোর্টের আইনজীবী এম এ ছোবহান।

মামলা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার কোষাশ মৌজার ৫.৯৯ একর আয়তনের বিষলাল পুকুর নিয়ে বিরোধের জেরে মনছের আলী সরদারসহ ১০ জন বাদী একটি যৌথ মামলা করেন। তাদের অভিযোগ, পুকুর-সংক্রান্ত মামলায় আদালতের অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ পুকুরপাড়ে সরকারি সম্পত্তি দাবি করে বেআইনিভাবে সাইনবোর্ড স্থাপন করেছে।

বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার আদালত বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ জারি করেন। নোটিশে আগামী ২৪ মে সকাল ৯টায় আদালতে স্বশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় একতরফা শুনানির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, কোষাশ মৌজার জেএল-৮১, সিএস খতিয়ান-৭০, এমআরআর-১৩০ এবং আরএস খতিয়ানের ৪৫৫/৯৭০ দাগভুক্ত ৫.৯৯ একর পুকুরটি দীর্ঘদিন ধরে বাদীপক্ষ ভোগদখলে রেখে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। পরবর্তীতে সম্পত্তিটি ভুলক্রমে ১/১ খতিয়ানে অন্তর্ভুক্ত হলে ২০২০ সালে জেলা প্রশাসকসহ সাতজনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০২১ সালের ৯ মে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগে বলা হয়, গত ২৭ এপ্রিল ওই নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরপাড়ে সাইনবোর্ড স্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল পুনরায় আদালতের শরণাপন্ন হন বাদীরা।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, কোষাশ মৌজার বিষলাল পুকুরে সরকার পক্ষ থেকে সাইনবোর্ড দেওয়া হয়েছে। আদালত অবমাননার অভিযোগের বিষয়টি তার জানা রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাদীপক্ষের আইনজীবী এম এ ছোবহান জানান, আদালত অবমাননার অভিযোগে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তিনজনকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। এখন মামলার কার্যক্রম চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত