রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমে হাতাহাতি! সতীর্থকে চড় মারলেন রডিগার

আপডেট : ০৬ মে ২০২৬, ১২:৩১ এএম

মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের বিতর্কেই এখন বেশি উত্তাল রিয়াল মাদ্রিদ। এস্পানিওলকে হারানোর রেশ কাটতে না কাটতেই বেরিয়ে এলো এক বিস্ফোরক তথ্য—অনুশীলন চলাকালীন সতীর্থ আলভারো কারেরাসকে চড় মেরেছেন জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। স্প্যানিশ রেডিও স্টেশন 'ওন্দা সেরো' এই খবরটি প্রকাশ করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি দুই সপ্তাহ আগে আলাভেস ও রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের পরবর্তী সময়ে ঘটে। অনুশীলনে কোনো একটি বিষয় নিয়ে তরুণ লেফট-ব্যাক কারেরাসের সঙ্গে রুডিগারের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে মেজাজ হারিয়ে কারেরাসকে চড় মেরে বসেন রুডিগার। 'দ্য অ্যাথলেটিক' জানিয়েছে, এই ঘটনার পর রুডিগার নিজের ভুল স্বীকার করেছেন এবং সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে গত শুক্রবার পুরো দলকে সপরিবারে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান।

চড় খাওয়ার ঘটনার পর থেকে অদ্ভুতভাবে কারেরাসকে আর শুরুর একাদশে দেখা যাচ্ছে না। বেতিস ও এস্পানিওলের বিপক্ষে ম্যাচে কারেরাসের বদলে ফার্লান্দ মেন্ডি ও ফ্রান গার্সিয়াকে খেলিয়েছেন কোচ আলভারো আরবেলোয়া। সাইড বেঞ্চে বসে কারেরাসের হাসির দৃশ্য ক্যামেরাবন্দি হলেও ফুটবল মহলে গুঞ্জন—রুডিগারের প্রভাবের কারণেই কি তাকে বসিয়ে রাখা হয়েছে?

এটিই রুডিগারের প্রথম উগ্র আচরণ নয়। এর আগে গেতাফের ডিয়েগো রিকোকে হাঁটু দিয়ে আঘাত করা এবং বায়ার্ন মিউনিখের ইয়োসিপ স্ট্যানিসিচের সঙ্গে বাজে আচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। জার্মানির জাতীয় দলের কোচ জুলিয়ান নাগলসম্যান এবং পরিচালক রুডি ফোলারও রুডিগারকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। নাগলসম্যান সাফ জানিয়েছেন, "আচরণের সীমা ছাড়িয়ে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত