আতঙ্কে দিন কাটাচ্ছেন পুতিন

আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:৩৪ এএম

ইউক্রেন যুদ্ধকে ঘিরে নিরাপত্তা শঙ্কা বাড়তে থাকায় এখন আগের চেয়ে আরও কঠোর সুরক্ষার মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দীর্ঘ সময় আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে কাটাচ্ছেন-এমনটাই জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমের এক প্রতিবেদন।  
 
প্রতিবেদন অনুযায়ী, ড্রোন হামলা, অভ্যুত্থান কিংবা হত্যাচেষ্টার আশঙ্কায় রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করেছে ফেডারেল প্রতিরক্ষা বাহিনী। মস্কোর ঘনিষ্ঠ সূত্র ও ইউরোপীয় গোয়েন্দা সংশ্লিষ্টদের বরাতে বলা হয়েছে, পুতিন এখন বাঙ্কার থেকেই যুদ্ধ পরিচালনা করছেন এবং বেসামরিক কার্যক্রমে তার সম্পৃক্ততা অনেক কমে গেছে। কোভিড-১৯ মহামারির পর থেকেই তার বিচ্ছিন্নতা বাড়তে থাকে, যা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে।

ইউক্রেনের ড্রোন হামলা এবং ভেতর থেকে ক্ষমতা দখলের আশঙ্কা ক্রেমলিনে উদ্বেগ বাড়িয়েছে। এর প্রেক্ষিতে পুতিনের সফর কমানো হয়েছে এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কঠোর নিরাপত্তা যাচাইয়ের মুখে পড়তে হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পুতিন ও তার পরিবার এখন মস্কো অঞ্চলের বাসভবন বা ভ্যালদাইয়ের সরকারি আবাসে থাকছেন না। বরং দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি বাঙ্কারসহ বিভিন্ন স্থানে তিনি দীর্ঘ সময় অবস্থান করছেন। স্বাভাবিকতা দেখাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে আগেভাগে ধারণ করা ভিডিও প্রচার করা হচ্ছে।

পুতিনের ঘনিষ্ঠ কর্মীদের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারা গণপরিবহন ব্যবহার করতে পারছেন না এবং মোবাইল ফোন বা ইন্টারনেট ডিভাইস বহনেও নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি তাদের বাসায় নজরদারি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানা গেছে। মস্কোতে সাম্প্রতিক ইন্টারনেট বন্ধ থাকার ঘটনাও নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, নিরাপত্তা ঘাটতির কারণে শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ড নিয়ে রুশ নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও দোষারোপ চলছে। বিশ্লেষকরা বলছেন, কঠোর নিরাপত্তা, জনঅসন্তোষ এবং জনসম্পৃক্ততা কমে যাওয়ার কারণে পুতিনের জনসম্মুখে উপস্থিতি আগের তুলনায় অনেক কমে গেছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত