যুক্তরাষ্ট্রের ডালাসের উত্তরের উপশহর ক্যারলটনে পরপর দুই দফা গুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় পুলিশের ধারণা, ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) ক্যারলটন শহরের কোরিয়ানটাউন এলাকায় একটি শপিং সেন্টারে প্রথম গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্ককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
এর কিছুক্ষণ পর প্রায় চার মাইল দূরে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দ্বিতীয় দফা গুলির খবর পাওয়া যায়। সেখানে একটি অ্যাপার্টমেন্ট থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ৬৯ বছর বয়সী সিউং হো হান নামের এক ব্যক্তি এ দুই হামলার সঙ্গে জড়িত। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে একটি মুদি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হামলার কথা স্বীকার করেছেন এবং ব্যবসায়িক আর্থিক বিরোধের কারণেই ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান।
ক্যারলটন শহরের পুলিশ প্রধান রবার্তো আরেডোন্ডো বলেন, “এটি কোনো এলোমেলো হামলা নয়। নিহতদের সঙ্গে হামলাকারীর পূর্বপরিচয় ছিল।” তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
গুলিতে আহত তিনজন বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার পর শপিং সেন্টার ও আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। তদন্তে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।
প্রায় এক লাখ ত্রিশ হাজার জনসংখ্যার ক্যারলটন শহরে উল্লেখযোগ্য সংখ্যক কোরিয়ান বংশোদ্ভূত বাসিন্দা বসবাস করেন। স্থানীয় কোরিয়ান-আমেরিকান সম্প্রদায়ের সদস্য জন জুন বলেন, এ ঘটনায় তারা গভীরভাবে হতবাক। তার ভাষায়, এলাকাটি সাধারণত শান্তিপূর্ণ এবং গত দুই দশকে কোরিয়ান বিনিয়োগের কারণে এটি একটি সমৃদ্ধ কোরিয়ানটাউনে পরিণত হয়েছে।
