পুলিশ-ডিবি-সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার 

আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

বগুড়ায় ডিবি, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কৌশলে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী একটি চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত অটোরিকশা/ইজিবাইক, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১২টায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের দক্ষিণ চর মশুরা এলাকার মো. মামুন শিকদার (৪০), বরিশালের বাকেরগঞ্জের মো. মিঠু পাটোয়ারী (৩০), গাইবান্ধার ব্যাপারীপাড়ার মো. সুমন মিয়া (৩০), পটুয়াখালীর কলাপাড়ার বালিপাড়া এলাকার মো. জাকির হোসেন (৪০), একই জেলার বাউফলের জৌতা এলাকার মো. নিজাম (৪৬), মো. রংপুরের হারাগাছ বানুপাড়ার ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও মো. জাহিদুল ইসলাম (৪২)। 

এসময় তাদের কাছ থেকে ৪টি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক উদ্ধার, ছিনতাইকাজে ব্যবহৃত ২টি ওয়াকিটকি, ১টি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জেলা ডিবি সূত্রে জানা যায়, গত ৫ মে বগুড়া সদর থানায় এক ইজিবাইক চালক অভিযোগ করেন, ২৫ এপ্রিল দুপুরে টিএমএসএস হাসপাতালে এক যাত্রীকে নামানোর পর অপর এক ব্যক্তি নিজেকে সিভিল পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে কৌশলে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়।

পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশ তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে ভোরে সদর উপজেলার চারমাথা এলাকার খাজা হাইওয়ে নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মো. মামুন শিকদার, মো. মিঠু পাটোয়ারী, মো. সুমন মিয়া, মো. জাকির হোসেন, মো. নিজামকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ওবায়দুল ইসলাম বেগ ও  মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় জাহিদুল ইসলামের দোকান থেকে বাদীর ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট চারটি অটোরিকশা/ইজিবাইক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান জানান, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে চুরি ও দস্যুতা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে রংপুরে বিক্রি করতো। তারা নিজেদের কখনও ডিবি, কখনও পুলিশ, কখনও সাংবাদিক পরিচয় দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত