রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (৬ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, আজ দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক করে বলেছে, এ অবস্থায় বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।