দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার (৫ মে) বিকেল সোয়া ৬টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেল ৫টার দিকে কালবৈশাখী ঝড়, প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে উঠলে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে উভয় ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ সৃষ্টি হয়।
পরবর্তীতে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। বন্ধ থাকা ফেরিগুলো একে একে নৌ-রুটে চলাচল শুরু করে এবং আটকে পড়া যানবাহন পারাপার করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ছালাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, বিকেল সোয়া ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ফেরি চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে এবং ঘাটে আটকে পড়া যানবাহন পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
নীলফামারীর কুখ্যাত মোটরসাইকেল চোর ফরিদুল গ্রেপ্তার 