ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ধান ক্রয়ে লটারি প্রথা বাতিল, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, অতি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং পুনঃখননসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি জি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে কৃষক সমাবেশে স্থানীয় কৃষকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর কৃষকরা চাষাবাদ করে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। তারা ধানের ন্যায্যমূল্য পান না, সময়মতো সার ও কীটনাশক পান না, প্রকৃত কৃষকরা কৃষি প্রণোদনার আওতায় আসেন না। খাল ও স্লুইসগেট সিন্ডিকেটের দখলে থাকে, কৃষকদের জন্য সুদমুক্ত ঋণের সুযোগ নেই। ধান বিক্রি করতে গেলে দালালচক্রের কারণে নানা ভোগান্তি পোহাতে হয় এবং মাপে কম দেওয়ার অভিযোগও রয়েছে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে সরকার ও স্থানীয় প্রশাসন যদি কৃষকদের এসব সমস্যার সমাধানে এগিয়ে না আসে, তবে প্রকৃত কৃষকরা কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে দেশের কৃষি অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই কৃষকদের প্রতি সরকারের সদয় দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলাপাড়া পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে।
মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১