মমতা পদত্যাগ না করলে একদিনের রাষ্ট্রপতি শাসন জারি হবে পশ্চিমবঙ্গে!

আপডেট : ০৭ মে ২০২৬, ১২:৫৯ পিএম

আজ বৃহস্পতিবার (৭ মে) রাত ১২টায় সাংবিধানিকভাবে শেষ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ। এদিকে বিধানসভা ভোটে পরাজয়ের পরেও একে ‘পরাজয়’ বলে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে তিনি আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেছেন। মমতা পদত্যাগ না করলেও ৮ই মে এমনিতেই বিধানসভা ভেঙ্গে যাবে। পদ হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন, আগামী ৯ মে, শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন তাদের মন্ত্রীরা শপথ নেবেন। তারপর কী হবে— তৃণমূলনেত্রী তার অবস্থানে অনড় থাকলে আগামীকাল ৮ মে শুক্রবার, অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার শপথ গ্রহণের আগের ২৪ ঘণ্টা কীভাবে পরিচালিত হবে পশ্চিমবঙ্গ তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠছে জনমনে।

ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হয়, যার প্রাথমিক ধাপ হলো বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ফলে ভোটের ফলাফল ঘোষণার সময়ে শাসকদল তাদের পরাজয় নিশ্চিত জানতে পারার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে পদত্যাগ করে আসেন।  সংসদীয় রাজনীতিতে এটা একটা সাংবিধানিক সৌজন্যর প্রকাশ। রাজ্যপাল তখন নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করার অনুরোধ জানান। নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে তিনিই কাজ চালান। কিন্তু কেয়ারটেকার মুখ্যমন্ত্রী কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও একই রীতি প্রচলিত। কিন্তু পশ্চিবঙ্গের পরিস্থিতি তো আলাদা।

তবে ভারতের সংবিধান অনুযায়ী, রাজ্যপালের ‘সদিচ্ছায়’ একটা রাজ্য সরকার গঠিত হয়। আইন অনুযায়ী আজ ৭ মে বৃহস্পতিবার ১২টা ১ মিনিটে বর্তমান সরকারে মেয়াদ শেষ হয়ে যাবে। সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়র পর আর এক মুহূর্তও বিদায়ী সরকার থাকতে পারে না। তাই রাজ্যপাল রাজ্যে সাংবিধানিক ব্যবস্থার অচলাবস্থার কারণ দেখিয়ে ৩৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। রাষ্ট্রপতি শাসন জারি হওয়া মানেই রাজ্যের সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর পদের বিলুপ্তি ঘটা। ফলে, মমতা পদত্যাগ না করলে আজ বৃহস্পতিবার ১২টা ১ মিনিট থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে।

জানা গেছে, এরকম পরিস্থিতিতে এক বা দুইদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসনই সবচেয়ে সম্ভাব্য পরিণতি। ফলে বিজেপি সরকারের শপথ গ্রহণের আগে একদিনেরও কম সময়ের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে রাজভবন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত