ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা, মাদ্রাসা শিক্ষককে ৩ দিনের রিমান্ড

আপডেট : ০৭ মে ২০২৬, ০৩:৫১ পিএম

নেত্রকোনা মদন উপজেলায় ধর্ষণে ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) শুনানি শেষে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, বুধবার সন্ধ্যায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে মদন থানা পুলিশ। 

মঙ্গলবার রাত ৩টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ এর একটি দল। 

সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল। তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন। পরে গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। 

পরে ২৩ এপ্রিল এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে আসামি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 নেত্রকোণার মদনে এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আসামিকে গ্রেপ্তারের খবর আসার পর ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত