ফেনীর ফুলগাজী সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ (শূন্যরেখা) এলাকা থেকে এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী কামাল্লা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (৬১)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রুপসা গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামের সীমান্তবর্তী জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহটি উদ্ধার করে ফুলগাজী থানায় নেওয়া হয়।
স্থানীয়রা জানান, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণ পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, মরদেহে কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিশ্বজিৎ সরকার দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি অবৈধভাবে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানা গেছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিশাত তাবাসসুম বলেন, ‘ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে। মৃতদেহে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে কাঁটাতারের বেষ্টনী অতিক্রমের সময় যে ধরনের আঁচড় লাগে, সেরকম কিছু চিহ্ন শরীরে রয়েছে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়েছে।’
মরদেহ উদ্ধারের স্থানটি বিজিবি-১০ কুমিল্লা অঞ্চলের দায়িত্বাধীন। বিজিবি-১০ কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, মরদেহ উদ্ধারের পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পে-স্কেলে যাদের পেনশন দ্বিগুণ হচ্ছে 