রেডিটের সার্চ ইঞ্জিন ব্যবহারকারী বেড়েছে

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:৪২ এএম

দীর্ঘদিনের অভিযোগের পর সার্চ ইঞ্জিন সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগের ফল পেতে শুরু করেছে রেডিট। বৃহস্পতিবার কোম্পানিটির সিইও স্টিভ হাফম্যান বলেছেন, প্রতি সপ্তাহে রেডিটে সার্চ ব্যবহারকারীর সংখ্যা গেল বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।

বর্তমানে নতুন ব্যবহারকারী আকর্ষণ ও কেনাকাটা সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবে রেডিট নিজের অবস্থান আরও শক্তিশালী করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।

হাফম্যান বলেছেন, নতুন ব্যবহারকারী আনা ও পুরনোদের প্ল্যাটফর্মে ধরে রাখার ক্ষেত্রে এই সার্চ ইঞ্জিন বর্তমানে অন্যতম প্রধান ভূমিকা রাখছে। কোম্পানির প্রথম প্রান্তিকের ফলাফল-পরবর্তী কনফারেন্স কলে তিনি বলেছেন, ‘সার্চের ক্ষেত্রে আমরা দারুণ পারফরম্যান্স দেখছি। প্রতিদিন ও প্রতি সপ্তাহে যারা সার্চ ব্যবহার করেন, তাদের সংখ্যা এবং সার্চের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে, যা ব্যবহারকারীদের ধরে রাখতে ও দৈনিক সক্রিয় ব্যবহারকারী বাড়াতে বড় ভূমিকা রাখছে।

‘সত্যি বলতে, সার্চ টিম চমৎকার কাজ করছে। আপনি যদি ‘রেডিট অ্যানসার্স’ ব্যবহার করেন তবে দেখবেন তা এখন অ্যাপের সঙ্গে আরও চমৎকারভাবে যোগ হয়েছে।’ এর আগে গত ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রে এআই সার্চ রেজাল্টের মাধ্যমে ‘প্রোডাক্ট প্লেসমেন্ট’ বা পণ্যের বিজ্ঞাপনের পরীক্ষা শুরু করেছিল। হাফম্যান বলেছেন, রেডিটের প্রায় ৪০ শতাংশ আলোচনা কেনাকাটা বা বাণিজ্যিক বিষয় সংক্রান্ত।

এ ছাড়া ৮৪ শতাংশ ক্রেতা কোনো পণ্য কেনার আগে রেডিটে গবেষণা বা খোঁজখবর নেওয়ার পর তাদের সিদ্ধান্তের ব্যাপারে আরও বেশি আত্মবিশ^াসী বোধ করেন। গত বছরের চেয়ে ১৭ শতাংশ বেড়েছে।

রেডিট বলেছে, যুক্তরাষ্ট্রে তাদের ভিজিটর সংখ্যা ৭ শতাংশ বেড়ে ৫ কোটি ৩৫ লাখে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ৩৩ লাখে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। কোম্পানিটির লক্ষ্য, বিশ^জুড়ে ১০০ কোটি ও কেবল যুক্তরাষ্ট্রে ১০ কোটি দৈনিক ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করা।

সার্চের পাশাপাশি কোম্পানিটি বলেছে, তাদের ‘মেশিন ট্রান্সলেশন’ বা স্বয়ংক্রিয় অনুবাদ ফিচারটি গত কয়েক প্রান্তিকে ব্যবহারকারী বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এ ফিচারটি বর্তমানে ৩০টিরও বেশি ভাষা সমর্থন করে। রেডিট ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৬৬ কোটি ৩০ লাখ ডলার আয়ের কথা বলেছে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশিত ৬০ কোটি ৯৮ লাখ ডলারকেও ছাড়িয়েছে। কোম্পানিটি আরও বলেছে, এ প্রান্তিকে তাদের মূলধনী ব্যয় ছিল কেবল ১০ লাখ ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত