ইরানকে সহায়তা

চীন-হংকংয়ের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:৪০ এএম

ইরানের সামরিক বাহিনীকে অস্ত্র ও ড্রোন তৈরির কাঁচামাল সরবরাহে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ মে) মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি বিভাগ) এই ঘোষণা দেয়।

মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, তেহরানের আলোচিত ‘শাহেদ’ ড্রোন তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল সংগ্রহে ইরানের সামরিক প্রচেষ্টাকে সাহায্য করার অপরাধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় হংকং এবং চীনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, ইরানের সঙ্গে অবৈধ বাণিজ্যে জড়িত যেকোনো বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। এই তালিকায় সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি এমন এক সময়ে এল, যখন আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টাগুলো বর্তমানে স্থবির হয়ে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, চীন সফরের ঠিক আগে বেইজিং ও হংকংয়ের প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দুই দেশের আসন্ন শীর্ষ বৈঠকে নতুন আলোচনার খোরাক জোগাতে পারে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বে আমরা আমেরিকার সুরক্ষা নিশ্চিতে এবং যারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরানকে অস্ত্র জোগান দিচ্ছে, তাদের লক্ষ্যবস্তু করতে পিছপা হবো না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত