পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ১১১ জন হজযাত্রী। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১২৮টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
শনিবার (৯ মে) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ২৩ হাজার ৫৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৯২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে ১২ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে দশজন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে দশজন পবিত্র মক্কায় ও দুজন মদিনায় মারা গেছেন।
বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।
