বিচারকদের আইনমন্ত্রী 

ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার পাশে আছে  

আপডেট : ০৯ মে ২০২৬, ০৭:৫২ পিএম

বিচারকদের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ন্যায় বিচার নিশ্চিত করুন, আমরা আপনাদের পাশে আছি। দুর্নীতির বিরুদ্ধে বিচারকদের জোরালো ভূমিকা নেওয়ারও আহবান জানিয়েছেন তিনি।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত  অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক। জনগণ  আমাদের ম্যান্ডেট দিয়েছে। তাই আপনাদের বলতে চাই যে বিষয়গুলো ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অন্তরায় সেগুলো এড়িয়ে চলে ন্যায় প্রতিষ্ঠা করুন। এ কাজে সরকারকে সবসময় আপনারা পাশে পাবেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা কথা সবসময় অনুসরনের চেষ্টা করা উচিত। তিনি প্রায়ই বলেন, আমাদের কাজের জায়গাটা দায়িত্ববোধের এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার, জনপ্রিয়তার নয়। তাই সব ধরনের অবস্থায় সবসময় সঠিক পথটিই বেছে নিতে হবে।

তিনি আরও বলেন, আমি প্রতি মুর্হূতে আমার  সীমারেখা সম্পর্কে অবগত থাকি। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেখানে  কোনো কারণে কখনোই সঠিক সিদ্ধান্তের জায়গা থেকে পিছিয়ে আসিনি, আসবোও না।
কোনো ধরনের দুর্নীতিতে প্রশ্রয় দেওয়া হবে না, উল্লেখ করে অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, দুর্নীতির বিষয়ে আমরা সজাগ থাকব, বিচারকদেরও সচতেন থাকতে হবে। এটি না পারলে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়া ও ন্যায় বিচারের ক্ষেত্র প্রস্তুত করতে দীর্ঘদিনের যে সংগ্রাম এবং আইনের শাসন ও মানবাধিকার সবই ব্যর্থ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরচিালক মো. এমদাদুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত