ফুটবল বিশ্বের বর্তমান মহাতারকা লিওনেল মেসি অবশেষে তার উত্তরসূরি নিয়ে চলা সব জল্পনার অবসান ঘটালেন। বার্সেলোনার ১৮ বছর বয়সী সেনসেশন লামিন ইয়ামালকে নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। মেসির মতে, ইয়ামাল বর্তমানে বিশ্ব ফুটবলে এমন এক উচ্চতায় খেলছেন যা তাকে সমসাময়িক সবার চেয়ে আলাদা করে রেখেছে।
বার্সেলোনা আইকন মেসি সম্প্রতি একটি বাণিজ্যিক অনুষ্ঠানে ইয়ামালের ভূয়সী প্রশংসা করেন। ক্যাম্প ন্যুতে মেসির ফেলে আসা সেই আইকনিক '১০ নম্বর' জার্সিটি এখন ইয়ামালের গায়ে। ইয়ামালকে তার প্রজন্মের সেরা প্রতিভাও মনে করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
অনুষ্ঠানে মেসি বলেন, "বর্তমানে ফুটবলে নতুন একটি প্রজন্ম আসছে যারা অত্যন্ত প্রতিভাবান এবং যাদের সামনে অনেক লম্বা সময় পড়ে আছে। তবে আমাকে যদি বয়সের বিচারে এবং বর্তমান ও ভবিষ্যতের পারফরম্যান্স দেখে কাউকে বেছে নিতে হয়, তবে সেটি হবে লামিন। আমার কাছে কোনো সন্দেহ নেই যে, সে-ই এখন সেরা।"
বল নিয়ন্ত্রণ, দূরদর্শিতা এবং নিখুঁত বাঁ-পায়ের জাদুতে ইয়ামালকে অনেক আগে থেকেই মেসির সাথে তুলনা করা হচ্ছিল। গত মৌসুমে ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে দ্বিতীয় হওয়া এই তরুণ উইঙ্গার ইউরোপের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ১-১ পজিশনে ডিফেন্ডারদের পরাস্ত করার তার সহজাত ক্ষমতা ফ্রাঙ্ক রাইকার্ডের আমলের তরুণ মেসির স্মৃতি মনে করিয়ে দেয়।
বার্সেলোনায় মেসি-পরবর্তী যুগে ১০ নম্বর জার্সির চাপ ইয়ামাল দারুণভাবে সামলাচ্ছেন। হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনাকে ঘরোয়া ও ইউরোপীয় মঞ্চে সাফল্যের পথে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও ইয়ামাল এই মৌসুমে তার তৃতীয় লা লিগা শিরোপা জয়ের পথে রয়েছেন। ক্লাবের মেডিকেল টিম তাকে আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট করে তুলতে কাজ করছে।
ইউরো ২০২৪-এ আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার পর, আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে স্পেনের মূল ভরসা হবেন এই বার্সেলোনা তারকা।
