কুমিল্লায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

আপডেট : ১০ মে ২০২৬, ০৯:৩০ পিএম

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।  

রবিবার (১০ মে) দুপুরে উপজেলার বাংগড্ডা-লালমাই সড়কের যুক্তিখোলা বাজারে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ব্যবসায়ী এনায়েত উল্যাহ (৪৫) বাজারের মসজিদ মার্কেটে 'এনায়েত টেলিকম' নামে একটি বিকাশ ও মোবাইল এক্সেসরিজের দোকান পরিচালনা করেন। তিনি পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নশরতপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১২টার দিকে যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে দোকানে ডেকে নেন এনায়েত। সেখানে তাকে টেবিলের নিচে লুকিয়ে রেখে ধর্ষণের চেষ্টা করা হয়। 

বিষয়টি টের পেয়ে আশপাশের কয়েকজন ব্যবসায়ী ও পথচারী এগিয়ে আসেন এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বাজার কমিটির কয়েকজন নেতার মধ্যস্থতায় এনায়েতের বাবা তাকে বাড়িতে নিয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে যুক্তিখোলা ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে অভিযুক্তের দোকান ঘেরাও করে। একপর্যায়ে তারা কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে ওসি নুরুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত