বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ১০ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ শিক্ষকরা। 

রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের নামে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে গত ২০ এপ্রিল থেকে টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। এ সংকট নিরসনে ৩০ এপ্রিল বিভাগীয় কমিশনারসহ স্থানীয় প্রশাসন, উপাচার্য ও শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়। এরপর কর্মসূচি শিথিল করেন শিক্ষকরা।

পরে শিক্ষকরা অভিযোগ করেন, আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন না করে একক সিদ্ধান্তে পথ চলছেন উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি গত ৮ মে সিন্ডিকেটের সভা ডাকলেও সেই সভায় সিন্ডিকেট সদস্যদের মতামত উপেক্ষা করেন।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার সাধারণ শিক্ষকদের এক বৈঠকে ১১ মে থেকে উপাচার্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একইসঙ্গে ওই দিন থেকে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রমে পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা দেন শিক্ষকরা। এ ছাড়া প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগ করার সিদ্ধান্তও নেওয়া হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত