গৃহদাহে বিধ্বস্ত রিয়ালে আরেক ধাক্কা, চোটে এমবাপ্পে ছিটকে গেলেন

আপডেট : ১০ মে ২০২৬, ১০:২২ পিএম

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’র আগে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ আলভারো আরবেলোয়া। কিন্তু প্রত্যাশিতভাবেই সেই তালিকায় নেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে ছাড়াও আরও সাতজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই আজ রোববার মাঠে নামতে হচ্ছে রিয়ালকে।

গত ২৪ এপ্রিল রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে পেশির চোটে পড়েছিলেন এমবাপ্পে। ক্লাসিকোর আগে ফিট হয়ে উঠতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলেন তিনি, এমনকি চলতি সপ্তাহে অনুশীলনেও যোগ দিয়েছিলেন। তবে ঝুঁকি নিতে নারাজ রিয়াল ম্যানেজমেন্ট তাকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মাঠের বাইরের সাম্প্রতিক বিতর্ক এবং চোট—সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না এই তারকার।

এমবাপ্পে ছাড়াও রিয়াল শিবিরে ইনজুরির তালিকা বেশ দীর্ঘ। মাঝমাঠের প্রাণভোমরা ফেদে ভালভার্দে, দানি কারভাহাল এবং দানি সেবায়োসকে পাচ্ছে না দল। এছাড়া এদের মিলিতাও, ফারল্যান্ড মেন্ডি, আরদা গুলের এবং রদ্রিগো লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন। জানা গেছে, এই চারজন আগামী মৌসুমের আগে আর মাঠে ফিরতে পারবেন না।

এতসব দুঃসংবাদের মাঝে একমাত্র স্বস্তির খবর হলো গোলরক্ষক থিবো কোর্তোয়ার প্রত্যাবর্তন। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর পেশির চোটে মাঠের বাইরে ছিলেন এই বেলজিয়ান দেয়াল। বার্সেলোনার বিপক্ষে আজকের ম্যাচে তিনি মূল একাদশে ফিরছেন বলেই আভাস পাওয়া গেছে।

সিনিয়র ফুটবলারদের অনুপস্থিতিতে স্কোয়াড পূর্ণ করতে কাস্টিয়া (একাডেমি) থেকে একঝাঁক তরুণকে দলে নিয়েছেন আরবেলোয়া। সার্জিও মেস্ট্রে, ডেভিড জিমেনেজ, হোর্হে সেস্টেরো এবং সিজার প্যালাসিওসরা সুযোগ পেয়েছেন ক্লাসিকোর রোমাঞ্চ অনুভব করার।

আজকের এই ম্যাচটি লা লিগার শিরোপা লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্সেলোনা জিতলে লিগ শিরোপা নিশ্চিত হবে তাদের। অন্যদিকে, খর্বশক্তির দল নিয়ে রিয়াল মাদ্রিদ কতটা লড়াই করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত