বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান

আপডেট : ১১ মে ২০২৬, ০১:৩০ এএম

ফেনীতে আদালতে শুনানি চলাকালে বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে উপস্থিত আইনজীবী ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। বিচারপ্রার্থী মোহনা ফেনীর রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তার স্বামী আকবর হোসেনের বাড়ি জেলার ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায়। 

আদালতের পেশকার জসিম উদ্দিন ও বাদীর আইনজীবী জানান, ভালোবেসে ২০২৫ সালে চার সন্তানের বাবা ফুলগাজীর আকবর হোসেনকে বিয়ে করেন মোহনা। একপর্যায়ে বনিবনা না হওয়ায় চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রবিবার মামলার তারিখ ধার্য ছিল। শুনানিতে বিবাদী উপস্থিত ছিলেন। বিচার চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন মোহনা।

মোহনার বোন জানান, রবিবার কাবিন আদায়সংক্রান্ত মামলার শুনানি শেষে আদালত মোহনার স্বামীকে জামিন দেয়। আদেশটি শোনার পর সে ক্ষোভ ও হতাশা থেকে সঙ্গে নিয়ে আসা বিষ পান করে। আদালতে আসার আগে টেলিফোনে স্বামী তাকে মরে যেতে বলেছিল বলে জানিয়েছেন মোহনা।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকন উদ্দৌলা জানান, রোগীকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে পর্যবেক্ষণে আছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত