দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে জয়ের মুখ দেখল ব্রাজিলীয় ক্লাব সান্তোস। আর এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমার জুনিয়র। রবিবার রাতে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে রেড বুল ব্রাগান্টিনোকে ২-০ গোলে হারিয়েছে সান্তোস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা সান্তোস প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লিড নেয়। বাম দিক থেকে এক চমৎকার ড্রিবলিংয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান নেইমার।
দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে বল পেয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন আদোনিস ফ্রিয়াস। ম্যাচের ৮২ মিনিটে নেইমার যখন মাঠ ছাড়ছিলেন, তখন পুরো গ্যালারি দাঁড়িয়ে এই তারকাকে অভিবাদন জানায়। নেইমারের পরিবর্তে মাঠে নামেন আরেক তারকা গ্যাব্রিয়েল বারবোসা (গ্যাবিগোল)।
গোল ও গোল করানোয় অবদান রেখে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে খুশি করে চলেছেন নেইমার।বিশ্বকাপের দল ঘোষণার আগে নেইমার আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণের।
এই জয়ের পর ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে উঠে এসেছে সান্তোস। অন্যদিকে ২০ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে রয়েছে ব্রাগান্টিনো। সান্তোসের পরবর্তী ম্যাচ আগামী ১৩ মে কুপা দো ব্রাজিলে কুরিটিবার বিপক্ষে।
৯৪ বছরে এই প্রথম এল ক্লাসিকো জিতে লিগ শিরোপায় হাত বার্সার