ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে বৃষ্টির কারণে পণ্ড হওয়া ম্যাচগুলো গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। সোমবার (১১ মে) সেই সুযোগ কাজে লাগিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। মোহামেডান ২০০ রানের বিশাল ব্যবধানে রূপগঞ্জ টাইগার্সকে হারিয়েছে, আর ব্রাদার্স ইউনিয়নকে ১৬৬ রানে বিধ্বস্ত করেছে আবাহনী।
নাঈমের সেঞ্চুরি ও মৃত্যুঞ্জয়ের ফাইফার
ইউএলএবি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ নাঈমের বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৪৫ রানের পাহাড় গড়ে মোহামেডান। ১৩৬ বলে ১০০ রান (৫টি চার ও ১২টি ছক্কা)। এটি তার লিস্ট 'এ' ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।জবাবে বৃষ্টির আগে ৫ উইকেটে ৫৩ রান করা রূপগঞ্জ আজ মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায়। মৃত্যুঞ্জয় চৌধুরী একাই ধসিয়ে দেন রূপগঞ্জের ব্যাটিং লাইনআপ, তুলে নেন ৫টি উইকেট। রিশাদ হোসেন শিকার করেন ৩টি উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সজীব মিয়া।
এই জয়ের ফলে ৩ ম্যাচের ৩টিতেই জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহামেডান।
বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগে ব্যাট করে ৩টি হাফ-সেঞ্চুরির ওপর ভর করে ২৮৩ রান সংগ্রহ করেছিল আবাহনী। মাহিদুল ইসলাম অঙ্কন ৮৩, এস এম মেহরব হাসান ৭৭ এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন অপরাজিত ৬২ রান করেন। ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাদার্স মাত্র ১১৭ রানে অলআউট হয়। ওপেনার জাহিদুজ্জামান করেন সর্বোচ্চ ৪০ রান। খালেদ আহমেদ, রেহানাতুল্লাহ, রাকিবুল হাসান, সৌম্য সরকার ও মাহফুজুর রহমান প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়ে ব্রাদার্সকে অল্পতেই আটকে দেন।
