কাতারে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আপডেট : ১২ মে ২০২৬, ০৮:৩৬ পিএম

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাতার। দেশটির হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৮ মে (সোমবার)। সে অনুযায়ী পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে (বুধবার)।

মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে খালিজ টাইমস। 

কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জানান, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের উদয় হবে। আর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সেটি হবে রোববার রাত ১২টা ২ মিনিট।

তিনি আরও বলেন, শনিবার সূর্যাস্তের আগে নতুন চাঁদের জন্ম না হওয়ায় ওইদিন কাতারসহ বেশিরভাগ আরব ও ইসলামি দেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণেই ১৮ মে থেকে জিলহজ মাস গণনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কাতার ক্যালেন্ডার হাউস জানায়, ইসলামি মাস নির্ধারণ করা হয় চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের ওপর ভিত্তি করে। অপরদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার নির্ভর করে সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের হিসাবের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত