সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

আপডেট : ১৩ মে ২০২৬, ০১:৪০ পিএম

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করা এবং সদস্যদের মনোবল দুর্বল করার লক্ষে একটি স্বার্থান্বেষী মহলের চালানো পরিকল্পিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। বুধবার (১৩ মে) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, যখন বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে নিজের সার্বভৌমত্ব সুদৃঢ় করছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সক্ষম হিসেবে গড়ে তোলার কাজ চলছে, ঠিক তখনই একটি বিশেষ গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে বিমান বাহিনীর আধুনিকায়ন ও ফাইটার প্লেন ক্রয়ের প্রক্রিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বলা হয়েছে, বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে মামলার আবেদন, বিমান বাহিনীর সাথে চরমপন্থার মতো স্পর্শকাতর বিষয়কে জড়ানোর অপচেষ্টা এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে সন্দেহ সৃষ্টির চেষ্টা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা উপদেষ্টা ও এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অব.) সম্পর্কেও ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে, যা কেবল ব্যক্তি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জাতীয় স্থিতিশীলতার বিরুদ্ধেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে— বাংলাদেশের সশস্ত্র বাহিনী এ দেশের মানুষের আশা, ভালোবাসা ও গর্বের প্রতীক উল্লেখ করে বাহিনীটি আরও বলে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা, জাতীয় সংকট কিংবা জনগণের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী সবসময় সাহস, শৃঙ্খলা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো জাতীয় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালন করে সশস্ত্র বাহিনী আবারও প্রমাণ করেছে যে, তারা কেবল একটি প্রতিরক্ষা বাহিনী নয়— বরং জাতির আস্থা ও স্থিতিশীলতার শেষ ভরসা।

বিবৃতির শেষে দেশবাসীকে গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলা হয়, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপপ্রচারই সশস্ত্র বাহিনীর প্রতি মানুষের ভালোবাসা ও বিশ্বাসকে নড়চড় করতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত