বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আপডেট : ১৩ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-চীন কূটনৈতিক আলোচনা ঘিরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে সামান্য পতন দেখা গেছে। 

বুধবার (১৩ মে) স্থানীয় সকাল ৯টা ৯ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৯ সেন্ট কমে ১০৭ দশমিক ৫৮ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩৯ সেন্ট কমে দাঁড়ায় ১০১ দশমিক ৭৯ ডলারে।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর বৈশ্বিক বাজারে তেলের দাম ১০০ ডলারের আশপাশে অবস্থান করছে। 

এ সময় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। কারণ, বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়ে সরবরাহ করা হয়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে প্রতিটি নতুন তথ্যের প্রভাব সরাসরি তেলের বাজারে পড়ছে। ফলে সামনের দিনগুলোতেও দামের অস্থিরতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সংঘাত আরও বাড়লে বা জ্বালানি সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার দ্রুত বেড়ে যেতে পারে।

অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এ বছর বৈশ্বিক তেলের সরবরাহ চাহিদার তুলনায় কম থাকতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাবে এপ্রিল মাসে দেশটির দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সূত্র: রয়টার্স 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত