শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে চিঠি, যা বলছে মন্ত্রণালয়

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:২৩ পিএম

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১১০০ শিক্ষক বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। 

সম্প্রতি তাদের আন্দোলনের প্রেক্ষিতে বকেয়া বেতনের বিষয়টি সমাধানে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় অধিদপ্তর। এ চিঠির আলোকে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি কারিগরি অধিদপ্তর থেকে বকেয়া বেতন নিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কারিগরি শিক্ষকদের বকেয়া বেতন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে অধিদপ্তর। ফলে নীতিমালার বাইরে গিয়ে শিক্ষকদের বকেয়া বেতন দেওয়া সম্ভব হবে না। তবে অধিদপ্তরের চিঠিতে মন্ত্রণালয় চাইলে শিক্ষকদের বকেয়া বেতন দেওয়া সম্ভব বলে জানানো হয়েছে।

জানতে চাইলে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে কারিগরি অধিদপ্তরের চিঠি আমরা পেয়েছি। অধিদপ্তর সরাসরি সুপারিশ করলে আমরা একটা ব্যবস্থা নিতে পারতাম। তবে তারা এমপিও নীতিমালার কথা উল্লেখ করায় বকেয়া বেতন দেওয়ার সম্ভাবনা কম। এরপরও আমরা বিষয়টি নিয়ে সভা করবো।’

জানা গেছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করা প্রায় এক হাজার ১০০ শিক্ষক যোগদানের দিন থেকে বেতন পাচ্ছেন না। দীর্ঘদিন আন্দোলন করলেও তাদের বকেয়া বেতনের বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেয়নি অধিদপ্তর। এর ফলে চরম বৈষম্যের শিকার হতে হয়েছে তাদের।

শিক্ষকদের অভিযোগ, সুপারিশ পাওয়ার দীর্ঘ সময় তাদের বেতন দেওয়া হয়নি। অথচ একই সময়ে সুপারিশপ্রাপ্ত অন্য শিক্ষকরা যোগদানের দিন থেকেই নিয়মিত বেতনভাতা পাচ্ছেন। এতে করে স্পষ্টতই বৈষম্যের শিকার হতে হচ্ছে তাদের। এ ধরনের পরিস্থিতি শিক্ষক হিসেবে তাদের জন্য চরম হতাশাজনক ও অনাকাক্সিক্ষত। 

এ বিষয়ে জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী বলেন, ‘শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ মন্ত্রণালয় নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত