মেজর লিগ সকারে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে এফসি সিনসিনাটির বিপক্ষে ৫-৩ ব্যবধানের বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ওহাইও’র টিকিউএল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোলের করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মিয়ামি।২৪ মিনিটে ম্যাট মিয়াজগার ভুলের সুযোগ নিয়ে মিয়ামিকে ১-০ তে এগিয়ে দেন মেসি। তবে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিনসিনাটিকে সমতায় ফেরান কেভিন ডেঙ্কি। বিরতির পরপরই পাভেল বুচা গোল করলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মিয়ামি।
ঠিক সেই মুহূর্তেই জ্বলে ওঠেন মেসি। লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সাথে দুর্দান্ত এক ত্রিভুজ পাসিংয়ের পর ডি পলের ক্রস থেকে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান তিনি। এরপর সিনসিনাটির ইভান্ডার একটি দুর্দান্ত গোল করে আবার লিড নিলেও (৩-২), মিয়ামি দমে যায়নি।
মেসির পাস থেকে তরুণ মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে সমতায় ফেরান (৩-৩)। এরপর মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্টারেম দলের চতুর্থ গোলটি করেন। ম্যাচের ৮৯ মিনিটে মেসির একটি শট গোলপোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্টানোর গায়ে লেগে জালে জড়ায়। প্রাথমিকভাবে এটিকে মেসির হ্যাটট্রিক মনে করা হলেও পরে তা 'আত্মঘাতী গোল' হিসেবে গণ্য করা হয়।
এই মৌসুমে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। ইন্টার মায়ামির জার্সি গায়ে তার মোট গোল এখন ৯০।আর পুরো পেশাদার ক্যারিয়ারে মোট ৯১০টি গোলের মালিক হলেন এলএম১০।
