হেফাজত মামলা

গ্রেপ্তার দেখিয়ে রুপা,মোজাম্মেল-দীপুকে কারাগারে প্রেরণ

আপডেট : ১৪ মে ২০২৬, ০১:৩২ পিএম

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেওযা হয়।

এই তিনজনের বিরুদ্ধে সেদিনের ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়।

গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আজ বৃহস্পতিবার (১৪ মে) হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন জানায়, শাপলা চত্বর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। সে সময় মরদেহের সংখ্যা গোপনে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।

প্রসিকিউশন বলছে, ২০১৩ সালে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন, যাদের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে ঢাকার ৩২, নারায়ণগঞ্জের ২০, চট্টগ্রামের ৫  ও কুমিল্লায় একজন নিহত হন।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ছয় আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত