মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে স্বীয় পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট ৭টি ফৌজদারি মামলা চলমান রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে জেল হাজতে আটক আছেন। এছাড়া পূর্বে স্থানীয় সরকার বিভাগ থেকে সাজাপ্রাপ্ত হওয়ার পরও পুনরায় একই ধরনের অপরাধে জড়িত হওয়ায় তাকে ‘অভ্যাসগত অপরাধে অভ্যস্ত’ হিসেবে প্রতীয়মান হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৩ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে তার দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় এবং একাধিক মামলায় জড়িত থাকার বিষয় বিবেচনায় জনস্বার্থে তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় সরকার।
প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১), ৩৪(৪)(খ)(ঘ) ও ৩৪(৬) অনুযায়ী তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫(১) ও (২) ধারা অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।’
চট্টগ্রাম মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা