জাতীয় দলের কোচ নিয়োগে 'সীমাবদ্ধতার' কথা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০২৬, ০৪:২৩ পিএম

‘বাফুফের সভাপতিসহ (তাবিথ আউয়াল) সংশ্লিষ্ট অন্যদের সঙ্গেও আমরা আলোচনা করেছি। একটি শর্টলিষ্টও করা হয়েছে জাতীয় দলের কোচ নির্ধারনের বিষয়ে। আশাকরি দু’তিন দিনের মধ্যেই কাক্সিক্ষত সেই কোচের বিষয়ে আপনারা জানতে পারবেন। যার হাত ধরে বাংলাদেশের ফুটবল অনেকদূর এগিয়ে যাবে। সেই ধরনের একটি কর্মপরিকল্পনা, প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা আসলে এগিয়ে যাচ্ছি।'

আজ সকালে ব্যাডমিন্টন লিগের উদ্বোধন করতে এসে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘আমাদের আগামী দুই বছর জাতীয় ফুটবল দলের বেশ কিছু খেলা রয়েছে, সবকিছু বিচার বিশ্লেষণ করে ফুটবলের ক্রেজ, ফুটবলের ভবিষ্যতকে বিবেচনা করে মানুষের যে একটা প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করার চেষ্টা করছি। সো আপনাদের আরো হয়তোবা দুই একদিন অপেক্ষা করতে হবে। তারপরই আপনাদের সেই প্রত্যাশিত যে ফল, যেটির জন্য আপনারা অপেক্ষমান রয়েছেন তা আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ।’ 

ব্রিটিশ কোচ ক্রিস কোলম্যানকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেষ পর্যন্ত কি ব্যয়বহুল ক্রিস কোলম্যানকেই বেছে নেবে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন:

‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা সরকার গঠন করেছি প্রায় ৯০ দিন। এর ভেতরেই কিন্তু ভবিষ্যৎ স্পোর্টস নিয়ে আমাদের কি পরিকল্পনা বা আমরা কিভাবে এগোতে চাই সেটার একটা ছোটখাটো ধারণা ইতিমধ্যে আপনাদেরকে দেওয়া হয়েছে। আর স্পোর্টস এমন একটি জায়গা যে আমি রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে বা আমি যাদেরকে আপনারা আলোচনা করছেন যে অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতোটুকু বেনিফিট পাবো বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রাতারাতি কখনই কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না।

আমি যখন খেলেছি তখনও আমরা একটি কথা বলেছি, যেকোনো কোচ আসলে তাকে একটা নির্ধারিত সময় দেওয়া উচিত। সেই সময়টা অনুযায়ী তার কাছ থেকে আমরা সেই রেজাল্টটা আমরা প্রত্যাশা করি। কাজেই, আমাদের সামনের যিনি কোচ হবেন, সেই কোচকেও আমরা সেই সময়টা দিতে হবে কারণ সময় না দিলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা আসলে পাবো না। কাজেই আমার মনে হয় যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সবকিছু মিলিয়ে আমরা আলোচনা করছি। আর দুই একটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে, আপনাদের সেই অপেক্ষামানের যে পালা সেটাও আসলে শেষ হবে ইনশাল্লাহ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত