পাঁচ দেশ সফরে মোদী

আপডেট : ১৫ মে ২০২৬, ০১:২৪ পিএম

জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্য নিয়ে পাঁচ দেশ সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে শুরু হওয়া এই সফরে তিনি ইউরোপের নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিও সফর করবেন।  

ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় নৌপথ ও হরমুজ প্রণালিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা বেড়েছে। এতে ভারতের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর চাপ বাড়ছে। এ প্রেক্ষাপটে সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সফরে জ্বালানি নিরাপত্তা জোরদার এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। উপসাগরীয় অঞ্চল এখনও ভারতের প্রধান তেল ও গ্যাসের উৎস।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যাকে মোদি 'সব চুক্তির জননী' বলে উল্লেখ করেছিলেন। সফরের ইউরোপ অংশে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করার চেষ্টা থাকবে বলে জানিয়েছে নয়াদিল্লি। 

শুক্রবারই মোদি নেদারল্যান্ডসে যাবেন। সেখানে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কৃষি, পানি ব্যবস্থাপনা ও স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা হবে। পরে সুইডেনে ইউরোপীয় ব্যবসায়ী নেতাদের ফোরামে অংশ নেবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন। এরপর নরওয়েতে অনুষ্ঠিত ভারত-নর্ডিক সম্মেলনে যোগ দেবেন মোদি। এটি নরওয়েতে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ৪৩ বছরের মধ্যে প্রথম সফর। বিশ্লেষকদের মতে, উত্তর ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে এই সফর। 

সফরের শেষ ধাপে ১৯ মে ইতালি যাবেন মোদি। সেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত