কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি

আপডেট : ১৫ মে ২০২৬, ০১:৩১ পিএম

কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ইতোমধ্যে কঠোর নজরদারি শুরু করেছে।

আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাওয়ার পথে বরুড়ায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে লক্ষ্মীপুর বাজার মাঠে বেলা ১১টায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভাসহ একাধিক কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবেই বরুড়ায় এই সংক্ষিপ্ত পথসভা করবেন তিনি।

স্থানীয় জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে সভাস্থল ও আশপাশের এলাকায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। মাঠ পরিচর্যা, প্যান্ডেল নির্মাণ ও সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে পুরোদমে।

কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে।

সভাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মুহম্মদ রেজা হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও একাধিকবার এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন বিষয় তদারকি করেছেন।

এবিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। সেখানে যাওয়ার পথে বরুড়ায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেবেন। সফরকে কেন্দ্র করে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে আশা করছি। এছাড়া প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এবিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মুহম্মদ রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত