বেরোবির উপাচার্য নিয়োগের ঘণ্টা না পেরোতেই স্থগিত

আপডেট : ১৫ মে ২০২৬, ০২:০৬ পিএম

সদ্য নিয়োগপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড.আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগের ঘণ্টা না পেরোতেই প্রজ্ঞাপনটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিকেলে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ২০০৯ এর আইন মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমানকে উপাচার্য হিসেবে যোগদানের তারিখ হতে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

তবে এই প্রজ্ঞাপন দেওয়ার ঘণ্টাখানেক না পেরোতেই শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে পূর্বের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ভগ্নিপতি। তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়া লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীহের সময়কালে দ্বিতীয় মেয়াদে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও তৃতীয় মেয়াদে সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বিতর্কের কারণেই ড. আনিসের নিয়োগ বাতিল করা হয়ে থাকতে পারে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি।

সাবেক উপাচার্য ড. মো. শওকাত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকেও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত