ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চালক-হেল্পার নিহত

আপডেট : ১৬ মে ২০২৬, ১১:১৯ এএম

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ট্রাকচালক ও হেল্পার নিহত হয়েছেন। শনিবার ভোর রাত ৪টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকার বগাইল টোল প্লাজার সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দূরপাল্লার একটি ট্রাক ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে চাক্কার ত্রুটির কারণে মেরামত করছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-চ ১৩-৬৪০২ নম্বরের মালবাহী ট্রাকের চালক ও হেল্পার চাকা মেরামতের কাজ করার এক পর্যায়ে ভাঙ্গাগামী অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক ইউসুফ (৫০) ও হেল্পার ইয়াকুব (২৬) নিহত হন। তারা উভয়েই যশোর জেলার কোতোয়ালি থানার রূপদিয়া এলাকার বাসিন্দা।
ভাঙ্গা টোল প্লাজার স্থানীয় কর্মচারীরা এগিয়ে গেলে ট্রাকের চালক হেলপারের চাপা দেওয়া লাশ দুটি দেখতে পায়।

ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত