বরুড়ায় প্রধানমন্ত্রীর পথসভায় জনতার ঢল

আপডেট : ১৬ মে ২০২৬, ০১:১৮ পিএম

চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় এক পথসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে সেখানে হাজারো বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর ঢল নামে।

দুপুর সোয়া ১২টার পর প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছান। এর আগে দাউদকান্দি থেকে শুরু করে পথে পথে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এমপিদের অনুসারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। হাইওয়ে পুলিশ জানায়, এরই মধ্যে প্রধানমন্ত্রীর বহনকারী যানবাহন মহাসড়কের ময়নামতি এলাকা অতিক্রম করেছে।

যাত্রাপথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় থামেন প্রধানমন্ত্রী। সেখানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীকে তার গাড়িবহরে তুলে নেন তিনি।

পথসভায় গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। সমাবেশস্থলটি মূলত তারই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। তার আগে ও পরে বলে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাও বক্তব্য দেন।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, সময় পেলে প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগের উন্নয়নসহ বেশ কিছু জরুরি দাবি জানানো হতে পারে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে মহাসড়কের কিছুটা অংশে যানজটের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত