মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব মোহনার মাঝামাঝি স্থানে নৌকায় হানা দিয়ে বাদাম ব্যবসায়ীদের কাছ থেকে ৩৫ লাখ টাকা লুট করে নিয়েছে ডাকাত দল। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাদের ইঞ্জিন চালিত নৌকাটি অচল করে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ মাঝনদীতে গিয়ে ওই ব্যবসায়ীদের উদ্ধার করে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, ভৈরব শহরের চন্ডিবের এলাকার ব্যবসায়ী তিন ভাই মাসুম আহমেদ, শামীম আহমেদ ও ফরহাদ আহমেদদের ভৈরব বাজারে ‘এন এম ব্রাদার্স’ নামে একটি বাদাম ব্যবসাপ্রতিষ্ঠান আছে। আজ ভোর সোয়া পাঁচটার দিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১০ জন কর্মচারীকে নিয়ে তাঁরা ভৈরব বাজার ঘাট থেকে নৌকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারের উদ্দেশ্যে রওনা হন।
সকাল ৬টার দিকে তাদের নৌকাটি ব্রাক্ষ¥ণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় পৌঁছলে ইঞ্জিনচালিত আরেকটি নৌকায় করে একদল ডাকাত এসে হামলা চালায়। ডাকাতরা নৌকায় উঠে অস্ত্রেরমুখে ব্যবসায়ীদের জিম্মি করে বস্তায় রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। পরে মাঝনদী থেকে আক্রান্ত ব্যবসায়ীদের উদ্ধার ভৈরব নিয়ে আসেন।
এন.এম. ব্রাদার্সের অন্যতম পরিচালক শামীম আহমেদ জানান, বাইশমৌজা বাজারে এপ্রিল থেকে জুন পর্যন্ত পাইকারি বাদাম বিক্রি হয়। সপ্তাহে শনি ও মঙ্গলবার বাজার বসে। তারাা প্রায় পাঁচ বছর ধরে ওই বাজার থেকে বাদাম ক্রয় করেন। ঘটনার সময় নৌকায় তারা মোট ১৫ জন ছিলেন। ডাকাত ছিল ছয়জন। তারা প্রায় ১০ মিনিট তাদের নৌকায় অবস্থান করে। টাকা লুট শেষে যাওয়ার সময় তাদের নৌকার ইঞ্জিনটি বিকল করে দিয়ে যায়।
ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান চৌধুরী ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি ভৈরব থানার অর্ন্তভুক্ত নয়। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে ডাকাত দলটিকে ধরতে তারাও অভিযানে নেমেছেন।
