দেশজুড়ে তীব্র গরমের মাঝেই গত কয়েকদিন ধরে চলছে বৃষ্টির আনাগোনা। একদিকে তাপপ্রবাহের কারণে ওষ্ঠাগত জনজীবন, অন্যদিকে বৃষ্টির ছোঁয়ায় মিলেছে কিছুটা স্বস্তি। তবে এই বৃষ্টির হাত ধরেই রাজধানী ঢাকায় আবারও ফিরে এসেছে চিরচেনা জলাবদ্ধতার ভোগান্তি।
আজ রবিবার (১৭ মে) ভোর থেকেই ঢাকার আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। ভোররাতের পর সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে টানা মুষলধারে বৃষ্টি হয়। কিছুটা বিরতি দিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আবারও শুরু হয় তুমুল বর্ষণ। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকালের এই টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার অলি-গলিতে দ্রুত পানি জমে যায়। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে অফিসগামী মানুষ, গণপরিবহনের যাত্রী ও সাধারণ পথচারীদের চরম বিড়ম্বনা ও ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ দুপুরের মধ্যে দেশের ১৪টি অঞ্চলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, দুপুর ১টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝড়ের পূর্বাভাস থাকা অঞ্চলগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
