আকিদার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন খেলাফত মজলিশের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, হেফাজতে ইসলামে কোনো প্লাস-মাইনাস নেই। এসব সম্পূর্ণ ষড়যন্ত্র। আকিদার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।
শনিবার (১৭ মে) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদারাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, খেলাফত মজলিশ একটি রাজনৈতিক দল, আর হেফাজতে ইসলাম আকিদাভিত্তিক সংগঠন। রাজনৈতিক ঐক্যের জন্য আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় জোট করি। সেটা রাজনৈতিক ঐক্যমত। কিন্তু আকিদার জায়গায় হেফাজত এক ও অভিন্ন।
এসময় হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীও সংগঠনের অভ্যন্তরে বিভেদের গুঞ্জন নাকচ করে বলেন, হেফাজতে কোনো বিভেদ নেই। ইসলাম রক্ষার প্রশ্নে আমরা সবাই এক।
বৈঠককে ঘিরে বাবুনগর মাদরাসা এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্টরা বলছেন, এ বৈঠক সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, মুফতি আল্লামা জসীম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ, মাওলানা আতা উল্লাহসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।
