মিয়ানমারের অভ্যন্তরে নাফনদীতে গোলাগুলি

আপডেট : ১৮ মে ২০২৬, ০৩:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নাফনদীর পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির শব্দে আতংকিত হয়ে নদীতে মাছ শিকারে থাকা জেলেরা দ্রুত নিরাপদে ফিরে আসেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে নাফনদীর সীমান্ত কিনারায় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নাফ নদীতে মাছ শিকারে থাকা কয়েকজন জেলে জানান, সকালের দিকে মাছ ধরার সময় তারা নাফনদীর উত্তর দিক থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের অভ্যন্তর থেকে হঠাৎ থেমে থেমে শতাধিক এর কাছাকাছি গুলির শব্দ শোনা যায়। আতংকের কারণে কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্টভাবে দেখতে পারেননি তারা। পরে প্রাণভয়ে দ্রুত নদী ত্যাগ করে নিরাপদ স্থানে চলে আসেন।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নাফনদী সীমান্তের পূর্ব মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সম্ভাব্য গোলাগুলির ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ বিভিন্ন কারণে সেখানে প্রায়ই এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নাফনদীর সীমান্ত এলাকায় ও নাফনদীতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত